স্টাফ রিপোর্টার ::
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আদর্শচ্যুতি, ব্যক্তিস্বার্থ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সংগঠনটির গলাচিপা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এম. দূর্জয় রুবেল এক বিবৃতিতে এসব অভিযোগ তুলে ধরে তৃণমূলের ত্যাগী কর্মীদের অবমূল্যায়নের কথা বলেন।
বিবৃতিতে তিনি দাবি করেন, দুঃসময়ে মাঠে থেকে যারা সংগঠনকে টিকিয়ে রেখেছেন, বর্তমানে তারাই উপেক্ষিত। বরং সুবিধাবাদীদের তোষণ করা হচ্ছে এবং পরীক্ষিত কর্মীদের পাশে না দাঁড়ানোর সংস্কৃতি তৈরি হয়েছে। এতে সংগঠনের সাংগঠনিক ভিত দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
দূর্জয় রুবেল বলেন, “ইতিহাস সাক্ষী সংকটের সময় নিবেদিতপ্রাণ কর্মীরাই ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু তাদের মূল্যায়ন না করলে ভবিষ্যতে সংগঠনের অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়বে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক শক্তি পুনরুদ্ধারে আত্মশুদ্ধি ও তৃণমূলের যথাযথ মূল্যায়ন এখন সময়ের দাবি। অন্যথায় আগামীতে সংগঠনের কোনো সংকট দেখা দিলে কর্মীদের স্বতঃস্ফূর্ত সমর্থন হারানোর আশঙ্কা রয়েছে।
সময়োচিত পদক্ষেপ গ্রহণ না করলে দীর্ঘমেয়াদে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করেন গলাচিপা উপজেলা ছাত্রদলের এই সাবেক আহ্বায়ক।