ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে গিয়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের দ্বারা অবরুদ্ধ হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি অবরুদ্ধ অবস্থাতেই রয়েছেন।
রাজধানীর রমনা থানার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়। আহত নুরকে দেখতে ঢামেক হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। এর কিছুক্ষণ পর উপদেষ্টা আসিফ নজরুল নুরুল হককে দেখতে গেলে, সেখানে তাকে অবরুদ্ধ করে রাখে গণধিকার পরিষদের নেতা-কর্মীরা।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান আসিফ নজরুল। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে নুরের চিকিৎসা চলছে।
এর আগে, বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেক নেতা-কর্মী গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুরকে রাত ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। এই ঘটনায় গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও আহত হন।