
স্টাফ রিপোর্টার::

বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদলে নেতৃত্ব নিয়ে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন নিমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—আহ্বায়ক মাজহারুল ইসলাম মুনির দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় এবং বর্তমানে ভারতে চিকিৎসাধীন থাকায় ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক বাবর খালেদকে।
কিন্তু এই সিদ্ধান্তকে ঘিরে কলেজ ছাত্রদলের ভেতরে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া কারণ হিসাবে জানা যায় গত ২০২১ সালের ৭ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল বিএম কলেজ শাখার ২১ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল। ওই কমিটিতে আহ্বায়ক করা হয় মাজহারুল ইসলাম বাবুকে, যুগ্ম আহ্বায়ক ছিলেন বাবর খালেদ এবং সজল তালুকদারকে রাখা হয়েছিল সদস্য হিসেবে। কমিটি ঘোষণার পরপরই বাবর খালেদসহ কয়েকজন যুগ্ম আহ্বায়ক সংবাদ সম্মেলন করে কমিটির বিরোধিতা করে পদত্যাগ করেন।
এই বিতর্কিত ঘটনায় কলেজ ছাত্রদলের ভেতরে অনেকে কেন্দ্রীয় ছাত্রদলের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলছেন, যদি দ্রুত এ সমস্যার সমাধান না হয় তবে কলেজ ছাত্রদল কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে।
বরিশাল সরকারি বি এম কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জানান —যে ব্যক্তি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন, তাকেই কীভাবে নতুন করে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হলো? তাদের অভিযোগ, এটি সাংগঠনিক শৃঙ্খলা ও নিয়মের পরিপন্থী। প্রকাশ্যে পদত্যাগী একজন নেতাকে ফের দায়িত্ব দেওয়ায় সংগঠনের ভেতরে অস্থিরতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।নে
তাকর্মীরা অভিযোগ করেন, মহানগর ছাত্রদলের এ ধরনের সাংগঠনিক বহির্ভূত কর্মকাণ্ডের ফলে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং কর্মীরা বিভক্ত হয়ে পড়ছেন। তারা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় ছাত্রদল দ্রুত হস্তক্ষেপ করে এ অচলাবস্থা নিরসন করবে।